রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন না জিৎ

রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন না জিৎ

ফরিদুল আলম ফরিদ: দুই বছর আগে ঘটা করে ঘোষণা এলেও নানা জটিলতায় শুটিং শুরু হয়নি রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘লায়ন’। এবার সিনেমাটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। তিনি জানিয়েছেন, ‘লায়ন’-এ আর অভিনয় করছেন না তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিনে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটের সিনেমা ‘লায়ন’-এর ঘোষণা দেওয়া হয়। সিনেমাটিতে জিতের সঙ্গে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে-ও সে সময় সিনেমাটির বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তবে নির্মাণের বড় পরিসরসহ নানা জটিলতায় দীর্ঘ সময়েও শুটিং শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণায় এক সাক্ষাৎকারে ‘লায়ন’ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা।

জিৎ জানান, নানা কারণে সিনেমাটি আর হচ্ছে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন এবং সংশ্লিষ্ট প্রযোজকের প্রতিকূল পরিস্থিতিও প্রকল্পটি থেমে যাওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। পরবর্তী সময়ে রায়হান রাফী সিনেমাটির কাজ আবার শুরু করার আগ্রহ প্রকাশ করলেও তাতে আর সম্মতি দেননি জিৎ। নিজের সিদ্ধান্তের কথা নির্মাতাকেও জানিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে জিৎ সরে দাঁড়ানোর বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি রায়হান রাফী। তবে ‘লায়ন’ থেমে গেলেও ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘আন্ধার’। পাশাপাশি আগামী অক্টোবরে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ ২’-এর শুটিং শুরুর কথা রয়েছে।

ফলে দীর্ঘ প্রতীক্ষার পরও ‘লায়ন’ আলোর মুখ দেখার আগেই জিতের সরে দাঁড়ানোর খবরে সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan